আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে পুরস্কার পাচ্ছে আরিশা আরিয়ানা। সংগীত বিভাগে পুরস্কার জেতা আরিশা রাজধানীর লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ এই আয়োজন করে। গতকাল বুধবার অলিম্পিয়াডের ওয়েবসাইটে ফল ঘোষণা করা হয়। আগামী শনিবার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে। আরিশার বাবা আলাউদ্দিন আরিফ দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও মা আফসানা নুর একজন উদ্যোক্তা।
ইন্টারন্যাশনাল হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অষ্টমবারের মতো আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সারা দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলের ১৬০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, নৃত্য ও রচনা লেখা ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়।
