সংবাদ সম্মেলনে সিইসি

সবার না থাকা ইসির প্রতি অনাস্থা নয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ না নেওয়া নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনাস্থা নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের সবাই না থাকা ইসির প্রতি অনাস্থা নয় জবাবে সিইসি বলেন, ‘সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেননি, এতে আমাদের কিছু করার নেই। এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। দলগুলো নির্বাচনে অংশ না নেওয়া আমাদের প্রতি অনাস্থা নয়। তবে সব দলের নির্বাচনে অংশ না নেওয়া আমাদের জন্য অস্বস্তিকর।’

তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসার যদি মনে করেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, তিনি ভোট বন্ধ করে শুধু আমাদের জানাবেন। ক্ষমতা রিটার্নিং অফিসারের কাছে। আর যদি সামগ্রিকভাবে কোনো এলাকায় ব্যাপকভাবে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে রিটার্নিং অফিসার আমাদের কাছে অনুমতি চাইবে। পরে কমিশন যদি মনে করে গোটা এলাকায় ভোট বন্ধ করা দরকার, তাহলে কমিশন গোটা এলাকার ভোট বন্ধ করতে পারে।’

নুরুল হুদা বলেন, ‘কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তাকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাৎক্ষণিক ভোট স্থগিত করা হবে।’

সিইসি আরও বলেন, ‘উত্তরের উপনির্বাচন ও উত্তর-দক্ষিণের সংযুক্ত ওয়ার্ডগুলোর নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ জানাই। এজেন্টদের নির্বাচনে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করা ও ফলের কপি নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার অনুরোধ জানাই। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত