অবস্থার উন্নতি হওয়ায় চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে বার্ন ইউনিটের আইসিইউ থেকে মোজাফ্ফরকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগের রাতে ছাড়পত্র দেওয়া হয় হেলাল শিকদার (১৮) ও সালাউদ্দিনকে (৪৫)। তবে তাদের নিয়মিত ফলোআপ চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে।
মোজাফ্ফরের চাচাতো ভাই ইমাদউদ্দিন বলেন, ‘লালবাগের ৭নং আতশখানা লেনের বাসায় মোজাফ্ফরকে নিয়ে যাচ্ছি। ২ মার্চ তাকে বার্ন ইউনিটে ফলোআপ চিকিৎসার জন্য নিয়ে আসতে বলা হয়েছে।’
চিকিৎসকরা জানান, বার্ন ইউনিটে ভর্তি সেলিম ব্যাপারী (৪৫) ও শেখ মাহমুদের (৪০) অবস্থা ভালোর দিকে। তাদের দুজনের ১৪ ও ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুয়েক দিনের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে মেহেদী হাসান রেজাউল (২২) ও জাকির হোসেনের (৪৫) অবস্থা আশঙ্কাজনক। তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
