আগামী অধিবেশনে পাস হবে বৈষম্য বিলোপ আইন : আইনমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৪ এএম

জাতীয় সংসদের আগামী অধিবেশনেই ‘বৈষম্য বিলোপ আইন’ পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের ২২তম এজিএম ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বৈষম্য বিলোপ আইন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি অধিবেশনে সম্ভব না হলে আগামী অধিবেশনে এটি পাস করা হবে।’ দেশের হিজড়া সম্প্রদায়, যৌনকর্মী, দলিত ও হরিজন সম্প্রদায়সহ অনগ্রসর নাগরিকদের প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের। প্রায় পাঁচ বছর আগে এ সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করে আইন কমিশন। এতে বৈষম্য বিলোপ বিশেষ আদালত প্রতিষ্ঠা এবং বৈষম্য করার অপরাধে নানা দণ্ডের সুপারিশ রয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছি এবং কার্যকর করেছি। এখন আমরা সাইবার ট্রাইব্যুনালকে জোরদার করব। এর কারণ হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের উপযুক্ত বাস্তবায়নে সাইবার ট্রাইব্যুনালকে সুষ্ঠু এবং শক্ত করতে হবে। সে কারণে আমরা ট্রাইব্যুনালের দিকে নজর দিয়েছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি।’

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে প্রায় এক কোটি মানুষ অ্যাজমা (হাঁপানি) রোগে ভুগছে। এটা আমাদের জন্য খুশির খবর নয়। তাই এ রোগের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এবং তা নিয়ন্ত্রণ করতে হবে।’ এ লক্ষ্যে পরিবেশ ও বায়ুদূষণ রোধের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বশীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত