স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। বঙ্গবন্ধুর দেওয়া এ সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের বিধান রয়েছে। যা বিশ্বের অনেক দেশেই নেই।
গতকাল বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ও সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর করার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। এসব মৌলিক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সংযোজন সংসদীয় গণতন্ত্র চর্চার মাইলফলক।
শিরীন শারমিন বলেন, একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ১০ বৈঠকে ৫০টি স্থায়ী কমিটি গঠন করেছেন। তিনি সংসদে বসেই কমিটিতে সংসদ সদস্যদের নামসমূহ অন্তর্ভুক্ত করেছেনÑ যা তার কর্মের একনিষ্ঠতার প্রমাণ বহন করে। প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটির রেকর্ড সংসদে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে কার্যপ্রণালি বিধি, প্রশ্ন জিজ্ঞাসা, তারকা চিহ্নিত প্রশ্ন, ৭১ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, আচরণবিধি, অফিস ও বাসা বরাদ্দসহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি এবং সামশুল হক চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম এ কামাল বিল্লাহ। দুদিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে গতকাল ৫২ জন সংসদ সদস্য অংশ নেন।
