তামিমের শতকের পরও বাংলাদেশের সংগ্রহ ২৩৪

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৫ এএম

একাই লড়লেন তামিম ইকবাল। তার অনবদ্য ইনিংসেও হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারল না বাংলাদেশ। আশাব্যঞ্জক সংগ্রহের আগেই গুঁড়িয়ে যেতে হয়েছে অতিথিদের।

নেইল ওয়াগনার ও টিম সাউথির পেস বোলিংয়ের সামনে চা পানের বিরতির পর পরই ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এর মধ্যে তামিমের রানই ১২৬!

সেডন পার্কে বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো একটি শুরু এনে দেন তামিম ও সাদমান ইসলাম জুটি। দলীয় ৫৭ রানে থামে এ জুটি। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন ৩২ বলে ২৪ রান করা সাদমান।

এরপর একাই দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে যান তামিম। ৩৭ বলে পূর্ণ করেন অর্ধশতক। একশো বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি। দলীয় ১৮০ রানে থামে তার ব্যাট। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে গালিতে ক্যাচ দেন কেইন উইলিয়ামসনকে।

এর আগে ১২৮ বলে ১২৬ রান করেন তামিম। তার ইনিংসটিতে রয়েছে ২১টি চার ও এক ছক্কা! অসাধারণ ইনিংসটি খেলার পথে মমিনুল হকের সঙ্গে ৬৪ ও মোহাম্মদ মিথুনের সঙ্গে ২৬ রানের জুটি গড়েন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

অনেকটা সময় নিলেও ঠিকতে পারেননি মমিনুল (১২)। থিতু হয়ে ফিরেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ (২২)। ব্যক্তিগত ইনিংস লম্বা করার পথেই এগুচ্ছিলেন লিটন দাস। কিন্তু ৫৮ বলে ২৯ রান করেই ফিরতে হয় তাকে। দুই অঙ্ক স্পর্শ করা অপর ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ (১০)।

নিউ জিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ওয়াগনার। ১৬.২ ওভারে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৭৬ রানে তিন উইকেট নেন সাউথি। একটি করে উইকেট ট্রেন্ট বোল্ট ও গ্র্যান্ডহোমের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত