ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২ নারী কাউন্সিলর পদে নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব জানান।
ইসি সচিব বলেন, ঢাকার উত্তরের মেয়র পদে উপনির্বাচন ও উত্তর-দক্ষিণে সম্প্রসারিত ওয়ার্ডে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে সব মিলিয়ে। আমরা এটি ধারণা করছি। তবে এটি চূড়ান্ত নয়। পটুয়াখালীর নির্বাচনে প্রায় ৭০ ভাগ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।
হেলালুদ্দিন আহমদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোনো কেন্দ্র ভোট স্থগিত হয়নি। পটুয়াখালী, আমতলী, কালিগঞ্জের পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ভোট হয়েছে। সেখানেও শান্তিপূর্ণ ভোট হয়েছে।
ইসি সচিব বলেন, ঢাকা উত্তর সিটিতে যেহেতু এটি উপনির্বাচন, মেয়াদ আছে বছরখানেক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই, তাই ভোটারদের আগ্রহ কম থাকতে পারে। কিন্তু যেখানে ওয়ার্ড কাউন্সিলর পদে যে নির্বাচন, সেখানে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ভোটারদের উপস্থিতিও সেখানে ভালো ছিল।
