ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে রাতেই ভোট দেওয়া হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, নির্বাচনে কবরের নীরবতা বিরাজ করছে। দেশে নির্বাচন বলতে জনগণ যে উৎসব মনে করে তার লক্ষণ কোথাও দেখা যায়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে ‘হত্যা’ করেছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভোট গত বুধবার রাতেই হয়ে গেছে। কাদের বিজয়ী করা হবে তা আগের রাতে নির্ধারণ হয়েছে। এখন সরকারের যে প্রার্থী আছে তাকে নির্বাচিত ঘোষণা করবে।
‘নির্বাচন করার শক্তি নেই বিএনপির’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘‘একটা কথা আছে না, ‘ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা’। কার সঙ্গে যুদ্ধ করব? গত বুধবার রাতেই ওটা ঠিক হয়ে গেছে। সরকারের মনোনীত যিনি আছেন তার ব্যালট বাক্স অলরেডি ভরে গেছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানেই তো প্রতিযোগিতার ব্যাপার থাকে’’।
তিনি বলেন, ‘দেশে-বিদেশে সব জায়গায় সরকার বাংলাদেশকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে পরিণত করেছে। এসব নির্বাচন হলো গণতন্ত্রের লেবাস পরা। স্বৈরতন্ত্রের মধ্যে প্লাস্টিক সার্জারি করে গণতন্ত্র গণতন্ত্র ভাব দেখানো। সেটাও পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে সরকার’।
তিনি বলেন, ২৯ ডিসেম্বরের মিডনাইট নির্বাচনের পর এখন শেখ হাসিনা নতুন পাটিগণিত কষছেন। আর সেটি হচ্ছে দেশের অবিসংবাদিত জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়াকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়া। বিএনপির আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
সরকার কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, গণবিরোধী সরকারের কাছে জনগণের ইচ্ছার কোনো মূল্য নেই। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না। এমনিতেই তীব্র গ্যাস সংকটে প্রচণ্ড দুর্ভোগে আছে নগরবাসী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
