বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। অবশ্য এর আগে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় তার। তাদেরই একজন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা তামান্না ভাটিয়া।
২০১২ সালে একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনের দৃশ্যায়নের সময় পরিচয় কোহলি-তামান্নার। আর তারপর রটে যায়, তামান্নার প্রেমে মজেছেন কোহলি। ওই সময় গুঞ্জন নিয়ে মুখ খোলেননি তাদের কেউ।
সেই সম্পর্ক নিয়ে সাত বছর পর মন্তব্য করলেন তামান্না। সম্প্রতি তিনি বলেন, “আমরা অ্যাড ফিল্মের সময়ে মাত্র ৪টি কথা বলেছিলাম। তার আগে বা পরে বিরাটের সঙ্গে কোনো কথা হয়নি আমার। তবে একটা কথা স্বীকার করতেই হবে- অন্য অনেক সহকর্মীর চেয়ে তার সঙ্গে কাজ করা সহজ ছিল।”
বর্তমানে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত আছেন তামান্না। এর মধ্যে রয়েছে দ্যাট ইজ মহালক্ষ্মী, দেবী ২ ও খামোশি। অন্যদিকে, সংসার ও ক্রিকেট নিয়ে দারুণ সময় কাটছে বিরাট কোহলির।
