শিল্পা শেঠি অনেক দিন অভিনয় না করলেও ব্যক্তিগত জীবন ও নানা ইভেন্টে হাজির হয়ে খবরের শিরোনাম হন প্রায়ই। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো’র বিচারক হয়ে লজ্জা পেলেন তিনি। জানালেন, অনুষ্ঠানটির বিচারক হওয়ার যোগ্যতা নেই তার।
টেলিভিশনে প্রচার চলতি ‘সুপার ড্যান্সার চ্যাপটার থ্রি’র অন্যতম বিচারক শিল্পা শেঠি। যেখানে প্রতিযোগীরা তুখোড় পারফরম্যান্সের মাধ্যমে মনোযোগ কেড়ে নিয়েছেন। তেমনই একজনের নাচে লাজবাব হয়ে গেলেন শিল্পা।
তখন ‘ধাড়কান’ অভিনেত্রী বললেন, “আমার নিজের প্রতি লজ্জা হচ্ছে। আমি এই শো’র বিচারক হওয়ার যোগ্য নই। লজ্জা হচ্ছে এটা ভেবে যে আমি কতটা অযোগ্য।”
জানা গেছে, এক ৬ বছরের রূপসার নাচ দেখে শিল্পা এমন করে বললেন।
মেয়েটি কলকাতা থেকে যান এই শোতে। রূপসা এখনো স্পষ্ট করে কথা বলতে পারে না। এটা তার সমস্যা। কিন্তু যে মুহূর্তে সে স্টেজে পা রাখল সবার মুখের কথা বন্ধ হয়ে গেল। এই নাচ দেখার পর বাকি বিচারকরাও কোনো কথা বলতে পারছিলেন না।
শিল্পা নিজেকে আটকাতে পারলেন না। এই বাচ্চা মেয়েটির নাচ দেখার পর মনে হচ্ছিল তিনি নাচ জানেন না। নাচ কাকে বলে তা তো দেখালো ছোট্ট রূপসা।
