এ প্রজন্মের সম্ভাবনাময় মডেল ও অভিনেতা শরিফুল রাজ। রেদোয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় তার অভিনয় সবার নজর কাড়ে। সম্প্রতি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
আপনার নতুন সিনেমা ‘ফ্রি’ নিয়ে কিছু বলুন...
‘ফ্রি’ শিরোনামের এই সিনেমাটি সার্ফিং নিয়ে। সার্ফিং কথাটা আসলেই প্রথমে মনে পড়ে বিদেশি কোনো সমুদ্রে বিদেশি কোনো মুখ সার্ফিং করছেন। কিন্তু আমাদের কক্সবাজারেও অনেকে খুব ভালো সার্ফিং করে। শুধু তাই নয়, এসব ছেলেমেয়ে খুব একটা লেখাপড়া না জানলেও দিব্যি ফরেনারদের সঙ্গে মনের ভাব বিনিময় করতে পারে। কারণ কক্সবাজার ঘুরতে আসা প্রচুর বিদেশির সঙ্গে তারা থাকতে থাকতে ইংরেজিতে একটা দক্ষতা অর্জন করে ফেলে। এমনকি তারা ফেইসবুক, ইন্সটাগ্রাম সবই ব্যবহার করছে। কক্সবাজারের ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে সার্ফিং করে, তা না দেখলে আমিও বিশ্বাস করতাম না। আমাদের দেশের এই নতুন সম্ভাবনা নিয়েই স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে আমি কক্সবাজারের একজন লোকাল সার্ফার। একেবারেই শিকড় থেকে উঠে আসা একটি ছেলের চরিত্র। সেও খুব একটা লেখাপড়া জানে না, তবে অনেক বেশি স্বপ্নবাজ একজন মানুষ। জীবনে অনেক চড়াই-উতরাই পার করে। তার জীবনেও প্রেম আসে। মোট কথা, একটি ভালো গল্পের সিনেমা এটি।
চরিত্র নির্মাণের জন্য কী ধরনের প্রস্তুতি নিয়েছেন?
পরিচালক কী ভেবে চরিত্রটির জন্য আমাকে নির্বাচন করেছেন, আমি জানতে চেয়েও উত্তর পাইনি। তবে শুরুতে আমি ভয় পাচ্ছিলাম, সার্ফিংয়ের মতো একটি চ্যালেঞ্জিং বিষয় করতে পারব কি না। তা ছাড়া আমি যেহেতু শহরে বড় হয়েছি, ফলে এই চরিত্রটি হয়ে উঠতে প্রথমেই আমাকে খেটে খাওয়া মানুষের চালচলন, জীবনযাপন, কথা বলার সময়ে আত্মবিশ^াসের পরিমাণ কতটুকু তা জানতে হয়েছে। সিনেমাটি যেহেতু সার্ফিং নিয়ে, তাই তা শিখতে তিন মাস ব্যয় করতে হয়েছি। আরেকটি প্রশিক্ষণ নিয়েছি কক্সবাজারের ভাষা শেখার জন্য। তবে আমরা এমনভাবে কথা বলেছি, যাতে পুরো দেশের মানুষই তা বুঝতে পারে।
সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে?
আমাদের সিনেমাটি আসছে কান চলচ্চিত্রে উৎসবে প্রতিযোগিতা বিভাগে যাবে। এ জন্য এর আগে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না। যদিও আমাদের প্রায় সব কাজ শেষ। শুধু সার্ফিংয়ের অংশটুকুর জন্য দুদিন শ্যুটিং করতে হবে। তবে আমি আশাবাদী, এ বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে।
এক কো-আর্টিস্টের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন রয়েছে...
গুঞ্জনে কান দিতে নেই। আর যে কো-আর্টিস্টের কথা বলছেন, তার সঙ্গে আমার প্রেমের কোনো সম্পর্ক নেই। আমরা খুব ভালো বন্ধু। একসঙ্গে প্রথম সিনেমায় কাজ করতে গিয়ে পর্দার রসায়ন এত ভালো হয়েছিল যে অনেকে ধরেই নিয়েছেন আমরা প্রেম করছি। কিন্তু আদতে আমি এখন সিঙ্গেল।
নাযিফা তুষি, শবনম ফারিয়া, সুনেরাহ- কাকে পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে পেতে চান? এটা খুবই কঠিন প্রশ্ন। তিনজনই আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি বরং জয়া আহসানকে চাই। শুধুমাত্র তার সঙ্গেই প্রেম করতে চাই।
