ঝালকাঠির নলছিটিতে পিকনিকের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় জলিল হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে মগঢ় ইউনিয়নের মারুহার গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত জলিল হাওলাদার একটানা ৩৫ বছর সৌদি আরবে ছিলেন। পরে গত বছর দেশে ফিরে গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রতিবেশী মগঢ় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম হাওলাদারের ছেলে মুঈন খান বাপ্পি (৩৫) তার সহযোগীদের নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে জলিল হাওলাদারকে পিটিয়ে হত্যা করে বলে তার ছেলে অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য মাসুম ও তার ছেলে পরিবারসহ পালিয়ে আছেন।
নিহতের ছেলে জিহাদ হাওলাদার দেশ রূপান্তরকে জানান, বাপ্পি তার বন্ধুদের নিয়ে মারুহার গ্রামের ইজ্জত আলী হাওলাদারের বাড়িতে পিকনিক করছিল। সেখানে উচ্চ শব্দে গান ও হইচইয়ের কারণে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা প্রতিবাদ করেন। পরে শুক্রবার রাত ১০টার দিকে জলিল হাওলাদার বাপ্পি ও তার বন্ধুদের উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে জলিলের কথা-কাটাকাটি হয়। এর জেরে বাপ্পির নেতৃত্বে কয়েকজন বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করে জলিলকে। হামলাকারীরা তাদের বাড়িতে ভাঙচুর চালায় বলেও জানান জিহাদ। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।’
