নাপোলির মাঠ থেকে জয় নিয়ে ফিরল ইউভেন্তুস

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৪:৫২ এএম

ম্যাচের ২৫ মিনিটেই লাল কার্ড দেখলেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স পেরেত। দশ জনের নাপোলির বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া ইউভেন্তুসের। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ইউভেন্তুসকে ম্যাচে প্রথম লিড এনে দেওয়া মিরালেম পিয়ানিচকে। যে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমাল নাপোলি। তবে নিজেদের মাঠে শেষ পর্যন্ত হার এড়াতে পারল না কার্লো আনচেলত্তির দল।

রোববার ইতালিয়ান লিগ সিরি আ তে উত্তাপ ছড়ানো ম্যাচে নাপোলিকে ২-১ গোল হারিয়েছে ইউভেন্তুস। এই জয়ে ২৬ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ইউভেন্তুস  ১৬ পয়েন্ট এগিয়ে গেল। অর্থাৎ শিরোপার রেসে নাপোলিকে ফেলে দিল ঢের পেছনে। ২৩ জয় ও ৩ ড্রতে ৭২ পয়েন্ট ইউভেন্তুসের। ১৭ জয় ও ৫ ড্রতে ৫৬ পয়েন্ট নাপোলির।

পুরো ম্যাচ জুড়ে নাপালি বল দখলের লড়াইয়ে ছিল এগিয়ে। ২৫ মিনিটে দশ জনে পরিণত হয় তারা গোলরক্ষক লাল কার্ড দেখলে। ক্রিস্তিয়ানো রোনালদোকে ফাউল করে লাল কার্ড দেখেন পেরেত।  দ্বিতীয়ার্ধে ইউভেন্তুসও যখন দশ জনে পরিণত হয়, তখন থেকেই যেন নাপোলির ধার বাড়ে। একের পর এক আক্রমণ চালাল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল না।

এই জায়গাটা দারুণ সফল ছিল ইউভেন্তুস। দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও অন্যরা এগিয়ে এলেন। ২৮ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। ৩৯ মিনিটে এমরে কান গোল করলে ২-০ গোলে লিড পায় জুভরা।

দশ জনের নাপোলির বিপক্ষে একতরফা ভাবে জিতবে ইউভেন্তুস তখন এমনই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই বলে হাত লাগিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন মিরালেম পিয়ানিচ। মাঠ ছাড়তে হলো তাকে। তাতে উভয় দলই হয়ে গেল দশজন করে। লড়াইটাও জমে ওঠল।

৬১ মিনিটে নাপোলির হয়ে ব্যবধান কমালেন হোসে কালেহন। এরপর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সমতায় ফিরতে পারেনি নাপোলি। ৮৫ মিনিটে পেলান্টি থেকেও গোল করতে ব্যর্থ হয় দলটি। লরেনজো ইনসিগনের শট ফেরে পোষ্টে লেগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত