পাবনার ঈশ্বরদী উপজেলার চর কাদিমপাড়ায় নৌকার প্রচার গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর কাদিমপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় নৌকার দুই কর্মীও আহত হয়।
ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, সোমবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে একটি ব্যাটারিচালিত অটো গাড়ি প্রচার চালাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর কাদিম পাড়া বাজারে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি গতিরোধ করে ভাঙচুর করে। তারা প্রচারণা গাড়ি ও মাইক অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
বাবলু মালিথা আরো জানান, দুর্বৃত্তদের হামলায় প্রচার গাড়িতে থাকা নৌকার দুজন কর্মীও আহত হয়েছেন। তারা হলেন, ফান্টু (৩২) ও মহিদুল (২৮)। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক মালিথা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ইন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু নৌকার বিপক্ষে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সংসদ সদস্যের পরিবারের সদস্যরা প্রকাশ্যে নৌকার বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন। তারা একাধিক বার নৌকার প্রচারণায় বাধার সৃষ্টি করেছে। চর কাদিমপুরের ঘটনায়ও আনারসের সমর্থকরাই জড়িত।
অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু বলেন। জনবিচ্ছিন্ন এক নেতাকে দল মনোনয়ন দেওয়ায় তৃণমূলের চাপে প্রার্থী হয়েছি। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। প্রচারণায় বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, প্রচারগাড়ীতে হামলার কথা শুনেছি। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
