লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১৮-এর মুকুট জয়ের মাধ্যমে শোবিজে আগমন ঘটে মিম মানতাসার। পাবনার মেয়ে মানতাসা এরই মধ্যে নিজগুণে জনপ্রিয় হয়ে উঠছেন। বেশকিছু নাটক ও মিউজিক ভিডিওতে নিজের অভিনয় প্রতিভা মেলে ধরেছেন। সম্প্রতি ফ্যাশন হাউসগুলোর শ্যুটেও দেখা মেলছে তার।
ধীরে ধীরে কাজের পরিধি বাড়ছে মিম মানতাসার। এদিকে শোনা যাচ্ছে সিনেমাতেও কাজ করতে যাচ্ছেন তিনি। শিগগিরই তাকে দেখা যেতে পারে সিনেমার পর্দায়। এমন খবর যখন চারদিকে তখন বিষয়টি স্বীকার করে নিয়ে মিম জানালেন ঘটনা সত্যি, সিনেমার হাতছানি পাচ্ছেন এই সুন্দরী। কিন্তু ব্যাটে-বলে না মেলায় দাঁড়ানো হচ্ছে না ক্যামেরার সামনে। মনের মতো কাজ পেয়ে গেলে যেকোনো মুহূর্তেই তার নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে চিত্রনায়িকা তকমা।
দেশ রূপান্তরকে মিম বলেন, ‘বেশকিছু সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। মিটিংও করেছি কিছু কিছু। কিন্তু আমি যেমন ধরনের গল্প বা টিম খুঁজছি তা পাচ্ছি না। ফলে প্রস্তাব পাওয়া সত্ত্বেও কাজগুলো করা হয়ে উঠছে না।’ তিনি আরও বলেন, ‘আমি আসলে ভালো সিনেমায় কাজ করতে চাই। যে সিনেমা দেখলে সবাই প্রশংসা করবে। জীবনে যদি একটি ছবিও করি সেটাও যেন ভালো কোনো ছবি হয়। মানহীন একশটা ছবি করে আসলে লাভ নেই। নিজের রুচি আর ইমেজের সঙ্গে সংগতি রেখেই কাজ করব।’
উল্লেখ্য, গত বছর ‘ভবঘুরে’ নাটকে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান মিম। এতে তার বিপরীতে ছিলেন তাহসান খান। এ বছর প্রচারিত হয় তার অভিনীত টেলিফিল্ম ‘রোদের ভেতর রোদ’।
এছাড়া অভিনয় করেছেন ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে। অনিমেষ আইচ পরিচালিত এ ওয়েব ধারাবাহিকটি শিগগিরই প্রচারিত হবে।
