আগের ম্যাচেই চিরশত্রু মোহামেডানকে ৩-০ গোলের লজ্জা দিয়েছিল আবাহনী। গতকাল ময়মনসিংহে স্বাগতিক সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাইফকে তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। একই দিনে নোয়াখালীতে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হারের লজ্জায় ডুবতে হয়েছে মোহামেডানকে। এই হারে একসময়ের পরাশক্তি মোহামেডানের দৈন্যদশা আরেকবার প্রকাশ্যে এলো। গতকাল ঢাকায় দিনের তৃতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামটাকে হোম ভেন্যু হিসেবে বেছে নিলেও সাইফের জন্য মাঠটি মোটেও সুফলা নয়। এই মাঠে পাঁচ ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র একটিতে। হার দুটি এবং ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। গতকালও এই মাঠটি আশীর্বাদ হয়ে আসেনি সাইফের জন্য। ম্যাচের নবম মিনিটে হাইতিয়ান কেরভেন্স বেলফোর্ডের বাড়ানো বলে গোল করে আবাহনীকে এগিয়ে দেন নাবীব নেওয়াজ জীবন। এরপর ২৮ ও ৫৬ মিনিটে দুই গোল করে ব্যবধান ৩-০ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। ৬৩ মিনিটে সাইফের রাশান ফরোয়ার্ড ডেনিস বলশাকভ গোল করে ব্যবধান ঘুচিয়েছেন। এটা দশম ম্যাচে আবাহনীর অষ্টম জয়। ২৪ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের শীর্ষে। নবম ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাইফ রয়েছে চতুর্থ স্থানে।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে স্বাগতিক নোফেল লিগের দ্বিতীয় জয় পেয়েছে। জয়ের গুরুত্বটা বেশি প্রতিপক্ষ দল একসময়ের শক্তিশালী মোহামেডান। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। মোহামেডান ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ডি-বক্সের ভেতরে নোফেলের মাসুদ রানাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নয় ম্যাচে এটি মোহামেডানের ষষ্ঠ হার। ৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে একাদশতম স্থানে। আর নোফেল নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে। মোহামেডানের কোচ শহীদুল ইসলাম জুয়েল দলের সামর্থ্য নিয়ে তুলে দিয়েছেন প্রশ্ন। গতকাল ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে এই কোচ বলেন, ‘আজ আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেছি। যে কারণে মধ্যমাঠে নিয়ন্ত্রণটা থাকেনি আমাদের পায়ে। এই দলের সামর্থ্য সম্পর্কে সবাই জানেন। মধ্যবর্তী দলবদলে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ে পরিবর্তন না আনা গেলে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে নোফেলের বিদেশিদের সঙ্গে আমাদের বিদেশিদের ব্যবধানটা আকাশ-পাতাল।’
ঢাকায় গোলশূন্য ড্রয়ের ম্যাচে দু’দলই গোলের সুযোগ পেয়েছে একাধিক। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের ভেতরে বল পেয়েও শট নিতে দেরি করেন কৌশিক বড়ুয়া। প্রথমার্ধেও শেষদিকে নাইজেরিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের কর্নারে কিরগিজ ফরোয়ার্ড ডেভিড ব্রুসের হেড চট্টগ্রাম আবাহনীর কিপার মোহাম্মদ নেহালের গ্লাভসে জমা পড়ে। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রুসের জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে হতাশা বাড়ে জামালের। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জামাল। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট পেয়ে পরের স্থানেই চট্টগ্রাম আবাহনী।
