ঢাকা লিগও কাঁপাবেন রুবেল

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১২:২২ এএম

১৫ ম্যাচে ২২ উইকেট। অলরাউন্ডারে ভরা ঢাকা ডায়নামাইটসের পেস অ্যাটাকের সেরাদের একজন তবু ছিলেন রুবেল হোসেন। ডানহাতি ভিন্ন অ্যাকশনের এই ফাস্ট বোলার নিউজিল্যান্ডে তিন ওয়ানডের একটা খেলার সুযোগ পেয়েছিলেন। অভিজ্ঞতা ভালো না। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাবাহিকতা ২৯ বছরের রুবেল নিয়ে যেতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।  বিপিএলে সর্বোচ্চ ২৩ উইকেট ছিল সাকিব আল হাসানের। ২২টি করে উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানটিতে ছিলেন তাসকিন আহমেদ, মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেন। নিউজিল্যান্ডে টেস্ট দলে যেহেতু নেই তাই ঢাকা লিগকে বিশ্বকাপের আগে নিজেকে আরও শানিয়ে নিতে পাখির চোখ করেছেন রুবেল, ‘ডিপিএলে আমার লক্ষ্য থাকবে খুব ভালো বোলিং করা। কয়েকজন উইকেট টেকারের ভেতর আমিও থাকতে চাই। লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো বোলিং করা।’

ঢাকা লিগ খেলার মধ্যে রাখবে ক্রিকেটারদের। জুন-জুলাইয়ের বিশ্বকাপ যেহেতু ইংল্যান্ডে, কন্ডিশনের ফারাক তো থাকবে বিরাট। কিন্তু ফিটনেস, ফর্ম ধরে রাখা ছাড়াও নিয়মিত অভ্যাস বজায় রাখার সুযোগ তো বিশাল। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে টানা শিরোপা জেতানোর প্রত্যয়ে গতকাল মিরপুরে রুবেলের উচ্চারণ, ‘এখানে অবশ্যই বিশ্বকাপের বিষয়টি কাজ করবে। ভালো খেললে অবশ্যই আত্মবিশ্বাসটা কাজ করবে। তারপর ধরেন যারা বিশ্বকাপ দলে যাবে তারা অনেক সুযোগ পাবে। ম্যাচ থাকবে, অনুশীলনের সুযোগ থাকবে।’ এরপরই ৯৬ ওয়ানডেতে ১২২ উইকেটশিকারি রুবেল থামেন ব্যক্তিগত ও দলগত টার্গেটটা জানিয়ে, ‘বিপিএলটা ভালো গিয়েছে। ডিপিএলটাতেও চেষ্টা করব ভালো খেলতে। আবাহনীতে সবাই তরুণ। ভারসাম্যপূর্ণ একটা দল হয়েছে আমার মনে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত