আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে হওয়া মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। তার আইনজীবী সারা হোসেন জানান, কার্যতালিকায় এলে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৫ আগস্ট শহিদুল আলমকে ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
বিচারিক আদালত ও হাইকোর্টে কয়েক দফা শহিদুল আলমের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে একই বছরের ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। তিন মাসের কিছু বেশি সময় কারা ভোগের পর ২০ নভেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
