সংস্কার হবে দেশের সব মন্দির

একনেকে উঠছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্প

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৩:৪০ এএম

সংস্কারের আওতায় আসছে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের ১ হাজার ৮১২টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান। এ লক্ষ্যে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় ধরে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে দেশের ১ কোটি ২৩ লাখ সনাতন ধর্মাবলম্বী উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রকল্পটির প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার আয়োজন করেছে কমিশন। সভার সুপারিশের আলোকে প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পুনর্গঠন করে আবার কমিশনে পাঠানো হয়েছে। পুনর্গঠিত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় অন্যান্য প্রকল্পের সঙ্গে সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার শীর্ষক প্রকল্পটিও উপস্থাপন করা হবে। একনেকের চূড়ান্ত অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। ২০২১ সালের অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ১ হাজার ৮১২টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন কাজ করা হবে। ক্রয় করা হবে দুটি জিপ ও পিকআপ। তাছাড়া কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রাংশ ক্রয়, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহেও অর্থ বরাদ্দ রাখা হচ্ছে।

প্রকল্পটির প্রস্তাবনায় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, দেশে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ। মোট জনসংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কল্যাণ সাধন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় এ পর্যন্ত বড় আকারের কোনো প্রকল্প নেওয়া হয়নি।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন বলেন, এর আগে তিনটি কর্মসূচির আওতায় দেশের বড় আকারের মন্দিরগুলো সংস্কার করা হয়েছে। সংস্কারের আওতায় আসা মন্দিরের সংখ্যা মাত্র ১২০টি। এর বাইরে অনেক মন্দির সংস্কারের প্রয়োজন। প্রকল্পটি অনুমোদন পেলে দেশের সব মন্দির সংস্কার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত