বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের রসায়ন পরীক্ষিত। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তারা। জানা গেল, অমিতাভের সিনেমার একটি পোস্টার বাতিল করেছেন স্বয়ং কিং খান।
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক’-এ অভিনয় করেন অমিতাভ ও তাপসী পান্নু। তাদের আবার দেখা যাবে মুক্তি প্রতিক্ষীত ‘বদলা’য়। সেই ছবির পোস্টার নিয়েই আপত্তি।
‘বদলা’তে অমিতাভকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তাপসী রয়েছেন তার মক্কেলের চরিত্রে। সুজয় ঘোষ পরিচালিত এই মিস্ট্রি-থ্রিলারের সহ-প্রযোজক শাহরুখ খান।
সম্প্রতি বিগ বি বলেন, এই ছবির একটি পোস্টার তার পছন্দ হয়েছিল। কিন্তু তা বাতিল করে দেন শাহরুখ। প্রোডাকশন টিম তাকে এই তথ্য জানিয়েছিল। পরে আর সেই পোস্টারটি ছাপানো হয়নি।
এক টিভি শো-এ মুখোমুখি হন অমিতাভ ও শাহরুখ। সেখানে সরাসরি এই অভিযোগ করেন অমিতাভ।
জানা যায়, শাহরুখও নাকি সে অভিযোগ মেনে নিয়েছেন এবং নিজের অপছন্দের কথা স্পষ্ট জানিয়েছেন।
তবে শাহরুখ মনে করেন, এ ছবিতে অমিতাভ ও তাপসীর পারফরম্যান্স ফের মুগ্ধ করবে দর্শককে।
