দলের খেলোয়াড়দের ব্যাপারে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ সান্তিয়াগো সোলারির দৃষ্টিভঙ্গী ক্লাবটির সাবেক কোচ জিনেদিন জিদানের মতো বলে মনে করেন মিডফিল্ডার কাসেমিরো।
গত বছরের অক্টোবরে রিয়ালের কোচের দায়িত্বে আসেন সোলারি। কিন্তু সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটিতে স্বস্তিতে নেই আর্জেন্টাইন এই কোচ। কেননা চলতি মৌসুমে তেমন সুবিধা করতে পারছে না স্পেনের সবচেয়ে সফল ক্লাব। সব ধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।
জিদানের অধীনে অবিশ্বাস্য সময় পার করেছে রিয়াল। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার লা লিগাসহ ক্লাবটি জিতেছে অসংখ্য শিরোপা। কিন্তু সোলারির অধীনে ধুঁকছে রিয়াল। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১২ পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে আছে তারা। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে কোপা দেল রে থেকেও।
দলের ব্যর্থতার দায় কোচ সোলারিকে দিতে নারাজ রিয়ালের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো, “কোচকে দোষারূপ করাটা অন্যায় হবে।”
“জোসে মরিনিয়ো, কার্লো আনচেলত্তি, জিদান, রাফায়েল বেনিতেস…প্রত্যেকের নিজ নিজ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। জিদানের সঙ্গে খেলোয়াড়দের খুব ভালো সম্পর্ক ছিল। পিতা-পুত্রের মতো, বন্ধুর মতো। সোলারির সঙ্গেও খেলোয়াড়দের সম্পর্ক তেমনই।”
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আয়াক্সের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ২-১ গোলের জয় পাওয়ায় প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
