১০ দিন কথা বলবেন না কঙ্গনা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১১:৫৪ পিএম

কঙ্গনা রানাউত। বলিউডের ব্যবসাসফল একাধিক ছবির নায়িকা। ঠোঁটকাটা হিসেবে তার একটা আলাদা পরিচিতি রয়েছে। তিনি যেমন প্রশংসা করতে জানেন, তেমনি আবার সমালোচনাও করতে ছাড়েন না কাউকে। এসব নিয়ে বিতর্কের মুখোমুখিও হতে হয় কঙ্গনাকে। পুলওয়ামা জঙ্গি হামলার পর বলিউডের যে অভিনেতা-অভিনেত্রীরা সবার আগে সরব হয়েছিলেন তাদের মধ্যে কঙ্গনা অন্যতম।  পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ‘মনিকর্নিকা’-র সাফল্যের অনুষ্ঠান বাতিল করেছিলেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে সব সময়ই তিনি থাকেন সরব। তবে আগামী ১০ দিন কোনো কথা বলবেন না তিনি। তার কারণ হলো এই মাসের ২৩ তারিখে ৩২ বছরে পা দিতে যাচ্ছেন তিনি। আর জন্মদিনের আগে তিনি নিজেকে একটু অন্য রকমের কিছু উপহার দিতে চাইছেন। ভারতের তামিলনাড়–র কোয়েম্বাটুরে একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেত্রী। অনুষ্ঠানটি হবে ধ্যান ও যোগ ব্যায়ামের ওপর। তার তাই প্রয়োজন সম্পূর্ণ নির্জন একটি পরিবেশ। আর সে জন্য জায়গাও ঠিক করে ফেলেছেন। আর এই অনুষ্ঠানের অংশ হিসেবে টানা ১০ দিন তিনি কোনো কথা বলবেন না। জনপ্রিয় এই অভিনেত্রী ১৬-১৭ বছর বয়স থেকেই ইয়োগা প্র্যাকটিস করেন। তবে এ বছর যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তা অনেকদিন থেকেই করতে চাইছিলেন। কিন্তু সেটা হয়ে ওঠেনি। তিনি বলেন, ‘১০ দিন কথা না বলে থাকা অনেক বড় প্রতিজ্ঞা, কিন্তু আমার জন্মদিনের উপহার হিসেবে আমি এটি করতে চাইছি।’ অনুষ্ঠান শেষে তিনি যাবেন মানালি। নিজের পরিবার, বন্ধু-বান্ধব সবার সঙ্গে সেখানেই জন্মদিন উদযাপন করবেন। জানা গেছে, মনিকর্নিকা ছবির পর বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এ নায়িকা। একটু বিশ্রাম নিতেই তার এই বিরতি। জানুয়ারির শেষ দিকে মুক্তি পায় কঙ্গনা রানাউত অভিনীত ‘মনিকর্নিকা : দ্য কুইন অফ ঝাঁসি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত