অনিশ্চয়তায় ঋত্বিকা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১১:৫৫ পিএম

২০১৭ সালের মার্চ মাসে শুরু হয় যৌথ প্রযোজনার ছবি ‘গাদ্দার’-এর শুটিং। শুটিংয়ে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন কলকাতার নায়িকা ঋত্বিকা সেন। তার বিপরীতে কাজ করেন ঢাকার নায়ক শ্রাবণ খান। সে সময় বেশ কিছুদিন ছবিটির শুটিং হয়। কাজও অর্ধেকের বেশি শেষ হয়। কিন্তু বাকি কাজ হবে হবে করেও শেষ হচ্ছে না। এর ভেতরেই চলে গেছে দুই বছর। নেই কোনো সাড়া শব্দ। তবে কি অনিশ্চিত হয়ে পড়ল ঋত্বিকার যৌথ প্রজেক্ট। জানা গেল, হঠাৎ অর্থ সংকটের কারণে আটকে আছে ছবিটি। তবে ঝামেলা দানা বাঁধছে কলকাতার প্রযোজকের তরফ থেকে।  ছবিটির বাংলাদেশি প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘অনিশ্চিত বলা যায় না। তবে এটা ঠিক যে কাজটা হঠাৎ করেই থামিয়ে রাখতে হয়েছে। মূলত অর্থ সংকটের কারণেই আমরা ছবিটির শুটিং করতে পারছি না। আমার জায়গা থেকে যতটুকু করার দরকার ছিল করেছি। কিন্তু কলকাতার প্রযোজক হঠাৎ পিছিয়ে যান। এখন পরিচালক নেহাল দত্ত কলকাতায় অন্য প্রযোজক খুঁজছেন। প্রযোজক পেলেই ছবিটির কাজ আবার শুরু হবে।’

লিপু আরও বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি যেহেতু সে ক্ষেত্রে পুরো দায়িত্ব তো আমি নিতে পারি না। এটা সমান সমানভাবে দুই পক্ষকেই খরচ বহন করতে হবে। আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

উল্লেখ্য, ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের ভেনাস মাল্টিমিডিয়া ও ভারতের ভিশন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ থেকে ছবিটি পরিচালনা করছেন কামাল মো. কিবরিয়া লিপু এবং ভারতের নেহাল দত্ত। ‘গাদ্দার’ ছবির আগে অভিনেত্রী ঋত্বিকা সেন ভারতে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। যার মধ্যে ‘বরবাদ’ ছবিটির সঙ্গে এ দেশের দর্শকরা পরিচিত। ঋত্বিকা ‘গাদ্দার’ ছবিতে শ্রাবণ খানের বিপরীতে অভিনয় করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত