অবশেষে আফগানিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। আন্দ্রে বালবির্নির ক্যারিয়ার সেরা অপরাজিত ১৪৫ রানে ভর করে সফরে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি।
মঙ্গলবার ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় আয়ারল্যান্ড।
ভারতের দেরাদুনে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫৬ রান করেছিল আফগানিস্তান। ক্যারিয়ারে প্রথম শতক হাঁকান নাজিবুল্লাহ জাদরান। জবাবে বালবির্নির সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।
সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ক’টিতে হেরেছিল আয়ারল্যান্ড। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হার। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়।
আফগানিস্তানের শুরুটা এদিন ভালো ছিল না। ২৩ রানে ২ উইকেট হারানো দলটি দলীয় ৭৫ রানে হারায় ৫ উইকেট। এরপর অধিনায়ক আসগর আফগান ও নাজিবুল্লাহ জাদরানের ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানরা।
আসগর ১০৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন। এরপর নাজিবুল্লার ব্যাটেই এগিয়েছে আফগানিস্তান। ৯৮ রানে ৫টি করে চার ও ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বাধিক দুটি করে উইকেট নেন র্যানকিন ও টিম মারটাঘ।
জবাবে ১৩ রানে প্রথম উইকেট হারালেও বালবির্নির ব্যাটে এগিয়েছে আইরিশরা। পঞ্চম উইকেটে জর্জ ডকরেলের সঙ্গে ১৪৩ রানের জুটি উপহার দেন বালবির্নি। ডকরেল ৭৭ বলে ৫৪ রান করেন।
বালবির্নি ১৩৬ বলে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান ৮টি করে চার ও ছক্কায়। ম্যাচ সেরা হয়েছেন আন্দ্রে বালবির্নি। শুক্রবার একই ভেন্যু সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
