পোলট্রির মান বাড়াতে জোর গবেষকদের

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:৩১ এএম

গবেষণা ও জীবনিরাপত্তা বাড়িয়ে মানসম্মত পোলট্রি উৎপাদনে গুরুত্ব দিয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি সেমিনার শুরু হয়েছে। গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে মানসম্মত ও পুষ্টিসমৃদ্ধ পোলট্রি উৎপাদনের সুযোগ রয়েছে। সে সুযোগ কাজে লাগাতে হবে। ‘পোলট্রি ফর হেলথ লিভিং’ স্লোগানে সেমিনারে দেশ-বিদেশের পোলট্রি গবেষকরা অংশ নেন। ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এ সেমিনারের আয়োজন করে।  সংগঠনটির সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, স্বাস্থ্যবান জাতি গঠনে একটি আর্থ-সামাজিক মডেল প্রয়োজন। ওই মডেলে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, সুস্থ জাতি গঠনের ব্যবস্থা থাকা দরকার। সুস্থ জাতি গঠনে পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে পোলট্রি শিল্প।

ভারতের নামকরা হ্যাচারি প্রতিষ্ঠান ভেনকাটেস ওয়ারা হ্যাচারির গবেষক জি আই জিম বলেন, বাণিজ্যিক লেয়ার ও  ব্রয়লারের বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে গুণগতমানের হ্যাচারি স্থাপন অপরিহার্য। যুক্তরাষ্ট্রের কব-ভেনটারেস কোম্পানির গবেষক ফ্রাঙ্ক সাউয়িয়ার্ডট এবং এ্যানুওলুয়াপো ফ্রাঙ্ক বলেন, হাতেগোনা কয়েকটি ব্রিডিং কোম্পানি বিশ্বব্যাপী ব্রয়লার বাচ্চার সরবরাহ নিয়ন্ত্রণ করছে।

 মিলিন্ড লাইমি বলেন, পুষ্টির উপাদানগুলোর মধ্যে পানি অন্যতম এবং সহজলভ্য একটি উপাদান। মানুষের যেমন বিশুদ্ধ পানি ও প্রয়োজন হয় ঠিক একইভাবে পোলট্রির ক্ষেত্রেও বিশুদ্ধ পানির প্রয়োজন। পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং সরবরাহের ওপর নির্ভর করে পোলট্রি খামারের লাভ-ক্ষতি। গুণগত মানের পানি সরবরাহ করা জরুরি বলে মত দেন তিনি।

ভারতের হুভে ফার্মা সিইএ-এর ও পি সিং বলেন, পোলট্রি উৎপাদনের ক্ষেত্রে খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান, সংরক্ষণ প্রক্রিয়ার সংকট, আধুনিক ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদন, বায়ো-সিকিউরিটি এবং সাধারণ জনগণের সচেতনতাবোধ জরুরি। অনুষ্ঠানে ওয়াপসা-বিবি’র সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন, ওয়ার্ল্ড পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি নিং ইয়ং ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত