দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করার তৃপ্তি নিয়ে সোমবার মধ্যরাতে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। দুই পর্বের বাছাই পর্ব পেরিয়ে এই দলটি এশিয়ার সেরা আট দলে জায়গা করে নিয়েছে। দুই পর্বের বাছাইয়ে তারা টানা ছয় ম্যাচ জিতেছে। এই সাফল্যকে তাই কোনো অবস্থাতেই আর অঘটন বলা যাচ্ছে না। যোগ্য দল হিসেবেই তারা পেয়েছে সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বের টিকিট। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সেরাটা দিয়েই সাফল্য প্রাপ্তির কথা বলেছেন দলের অধিনায়ক মারিয়া মান্দা এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার আঁখি খাতুন। আর বাফুফের কর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন মূল পর্বের আগে সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থা করবেন।
ফিলিপাইনকে ১০-০ গোলে হারিয়ে মিয়ানমারে বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মনিকা চাকমার একমাত্র গোলে তারা স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে। বাংলাদেশের মতো চীনও প্রথম দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করে ফেলায় দুই দলের শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৩-০ গোলে। মারিয়া মান্দা জানান, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলেছি। নিজেদের কিছু ভুলের কারণে শেষ ম্যাচটা হারতে হয়েছে।’ মূল পর্বের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে মারিয়া বলেন, ‘এখনো আমাদের হাতে ছয় মাস সময় আছে। এ সময়ের মধ্যে ভুলগুলো শুধরে নিতে হবে। মূল পর্বে ভালো করতে হলে নিজেদের সামর্থ্যরে সেরাটা দিতে হবে।’ মারিয়া অবশ্য এখনই মূল পর্ব নিয়ে সেভাবে ভাবছেন না। আর সপ্তাহখানেক পরই নেপালে শুরু হচ্ছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। গতবারের রানার্সআপ হিসেবে এই আসরে এবার শিরোপার লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ। মারিয়াও সেই দলের অংশ হিসেবে এখন তার সব ভাবনা সাফকে ঘিরেই, ‘এ পর্যায়ে মূল পর্ব নয়, আমাদের সব ভাবনা সাফকে ঘিরে। সেখানে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যাব। সাফের শেষে এএফসির মূল পর্ব নিয়ে ভাবব।’
আঁখি খাতুন বলেন, প্রথম ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে বড় ব্যবধানে জয়টাই পাল্টে দিয়েছে তাদের ভাবনা, ‘মিয়ানমারে খেলা শুরুর আগে কিছুটা ভয়, জড়তা ছিল। ফিলিপাইন ম্যাচের পর সব দূর হয়ে যায়। মিয়ানমার ম্যাচের আগে আমাদের প্রতি নির্দেশনা ছিলÑ প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের দিকে মনোযোগ দাও। আমরা নিজেদের খেলায় মনোযোগী ছিলাম। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তার সুফলও পেয়েছি।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি তাবিথ আউয়াল মূল পর্বের প্রস্তুতি ইউরোপে গিয়ে করানোর চেষ্টার কথা বলেন।