ছোট ছোট সেতু নির্মাণে বড় উদ্যোগ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৩:২৭ এএম

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট সেতু নির্মাণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১ হাজার ৯৮৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে ৬১ জেলার ২৫৭টি উপজেলায় ৩৪০টি সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া ৬ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিবৃতি দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ’ শীর্ষক অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। এই প্রকল্পে সম্পূর্ণ সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়া বাকি জেলার উপজেলাগুলোতে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিল্পায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সরকার খোলা দ্বার নীতি নিয়েছে। এই নীতির আলোকে বাংলাদেশ অর্থনৈতিক       

 

 অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা) বিনিয়োগে আকৃষ্ট করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে।

মান্নান জানান, মঙ্গলবারের সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলোতে মোট ব্যয় হবে ৬ হাজার ২৭৬ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৯৬২ কোটি টাকা, দেশীয় অর্থায়ন থেকে ব্যয় হবে ৩ হাজার ৩১৪ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- তাঁতীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি টাকা), কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি টাকা), জয়পুরহাট জেলায় তুলশী গঙ্গা, ছোট যমুনা, চিড়ি ও হারাবতী নদী পুনঃখনন প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৪৭ লাখ টাকা), ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ৮৮০ কোটি ৪৬ লাখ টাকা), সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা) এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প (ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি টাকা)।

সড়ক, রেল ও নৌপথে সমন্বিত নেটওয়ার্ক তৈরির নির্দেশ : পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সভায় একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রেল, সড়ক ও নৌ পথের মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, সড়কে প্রচুর প্রকল্প নেওয়া হয়েছে, এখন রেল ও নৌপথের দিকে নজর দিন। সড়কের প্রকল্প নেব না- তা নয়, কিন্তু রেল ও নৌপথে বেশি জোর দিতে চাই। যোগাযোগে জাতীয় গ্রিড তৈরি করতে হবে।’

মান্নান বলেন, ‘দেশের তাঁতীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, তারা ঋণ যেন সহজেই পায় সেই ব্যবস্থা নিতে বলেছেন। এ ছাড়া শুধু বড় বড় নদী নয়, ছেট নদীর দিকেও নজর দিতে হবে। ঢাকাসহ আশপাশের নদীগুলো যেন রক্ষা পায় সেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত