রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের আনসার ক্যাম্প এলাকাসংলগ্ন লেকে সোহাগ (১৬) নামে এক তরুণ ঝাঁপ দিয়ে আর উঠে আসেনি। সোহাগের বাবা শরিফুল ইসলামের দাবি, টহল পুলিশের ধাওয়ায় তার ছেলে পানিতে ঝাঁপ দিয়ে আর উঠে আসেনি। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে বলেছে, নেশা করার সময় সাধারণ জনতা ওই তরুণকে ধাওয়া করলে সে পানিতে ঝাঁপ দেয়। সোমবার রাত সাড়ে ৮টা থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ঘণ্টারও বেশি সময় ধরে সে নিখোঁজ। খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯টা থেকে তাকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকালও বনানী লেকে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু সোহাগের খোঁজ মেলেনি। আজ বুধবার তার সন্ধানে ফের উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় তার আত্মীয়স্বজন ও উৎসুক হাজারো জনতা লেকের পাড়ে ভিড় জমান। সোহাগের বাবা বলেন, রাতে তার ছেলে তিন বন্ধুসহ বনানী লেকের পাড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল তাদের ধাওয়া করে দুজনকে আটক করে। আর সোহাগ গ্রেপ্তার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আর উঠে আসতে পারেনি।
ধাওয়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহানউদ্দিন রানা জানান, সোমবার রাতে বনানী লেকের পাড়ে সোহাগসহ তিন তরুণ নেশা করছিল। কয়েকজন লোক সেখান দিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে দেখতে পেয়ে জানতে চান, তারা সেখানে কী করছে। এ সময় ভয় পেয়ে দুজন দৌড়ে পালিয়ে যায়। আর সোহাগ লেকে ঝাঁপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ। আমরা তাকে খোঁজার চেষ্টা করছি।
জানা গেছে, সোহাগের বাবার নাম শরিফুল ইসলাম। তারা কড়াইল বস্তির জামাই বাজার থাকেন। গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, সোহাগ হয়তো লেক থেকে উঠে পালিয়েছে। না হলে তার লাশ ভেসে ওঠার কথা। এরপরও সোহাগের খোঁজ পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
