ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিয়ে হচ্ছে শনিবার। বহু দিনের বান্ধবী শ্লোক মেহতার সঙ্গে আইনি সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন তিনি। এ আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে শুক্রবার।
আকাশ ও শ্লোক ব্রাউন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। সুইজারল্যান্ডে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে কয়েক দিন আগে হয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। এ ছাড়া হ্যারি পটার থিমের পার্টিও করা হয়েছে মুম্বাইয়ে। হগওয়ার্টের হলের ধাঁচে সাজানো হয়েছিল মিলনায়তন। ডিনার টেবিলও ছিল তেমনই।
সুইজারল্যান্ডের পর প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়েছে মুম্বাইয়ে। সেখানে পারফর্ম করেন গুরু রণধাওয়া। উপস্থিত ছিলেন আনুশকা শর্মাসহ অন্য সেলিব্রিটি।
কয়েক মাস আগে জাঁকজমকপূর্ণভাবে হয় মুকেশের মেয়ে ঈশার বিয়ে। তিনি জানান, যমজ ভাই আকাশের মনটাও নামের মতোই।
ঈশার জন্যই বিয়ের তারিখ পিছিয়েছিলেন আকাশ। আগে বাগদান হলেও বোনের পরই বিয়ে করার সিদ্ধান্ত নেন। যমজ ভাইয়ের বিয়ের দিন কী পোশাক পরতে চলেছেন ঈশা, তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
শ্লোককে পরিবারে স্বাগত জানাতে ঈশা গুজরাটি গান গেয়েছেন। তাকে সাহায্য করেছেন নীতা আম্বানিও।
ঈশা বলেন, শ্লোকের বোন দিয়াও একই স্কুলে পড়েছেন। ২৫ বছর ধরে তারা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে স্কুল বদলে শ্লোকের সঙ্গেও পড়েছেন তিনি।
বৃহস্পতিবার ওয়ার্লিতে হবে আকাশ ও শ্লোকের মালা-মেহেদি অনুষ্ঠান। গ্র্যামি জয়ী ব্যান্ড মেরুন ফাইভের পারফরম্যান্স করার কথা রয়েছে।
দুই তরুণ-তরুণীর বিয়ে হবে মুম্বাইয়ে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে। চলবে তিন দিনের অনুষ্ঠান। বসবে তারকার মেলা। ১১ তারিখ হবে আকাশ-শ্লোকের বিবাহোত্তর সংবর্ধনা। আর মঙ্গল পর্বের অনুষ্ঠান বিয়ের দিনই হবে।
এ দিকে চলতি বছরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। সেই অনুষ্ঠানের জন্য বরাদ্দ টাকা দেওয়া হবে পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারকে। এমন পরিস্থিতিতে এ জাঁকজমক-চাকচিক্য ঘিরে প্রশ্ন উঠেছে। তবে আম্বানিদের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের সন্তানদের পড়াশোনা ও জীবিকার দায়িত্ব নেবে রিলায়েন্স ফাউন্ডেশন।
