গেন্ডারিয়ার রাস্তার বেহাল অবস্থা

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:২৩ পিএম

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার দীননাথ সেন রোড, রজনী চৌধুরী রোড, ডিস্টিলারি রোড, অক্ষয় দাস লেন, সতীশ সরকার রোড, শাঁখারীনগর লেন, ঢালকা নগর লেন, লোহারপুল থেকে মিলব্যারাক হয়ে ফরিদাবাদ, আইজি-গেট ও কাঠেরপুল, মুরগিটোলা-বানিয়ানগর, দয়াগঞ্জ, সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডসহ এলাকার সব রাস্তাঘাটের অবস্থা শোচনীয় ও বিধ্বস্ত। রাস্তাঘাটের এই বেহাল অবস্থার জন্য অত্র এলাকার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে অফিসগামী লোকজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এ রাস্তায় যাতায়াত খুবই কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে। অনেক সময় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ছোটখাটো দুর্ঘটনা এখানকার নিত্যনৈমিত্তিক চিত্র। বর্ষা মৌসুমে এসব রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। সে সময় এই রাস্তাগুলোতে অনেকটা জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপর রাস্তাগুলোতে আবর্জনা জমা হয়ে থাকে, যা এলাকায় দুর্গন্ধ সৃষ্টি করে।

আশা করি কোনো ধরনের অবহেলা ও উদাসীনতা না দেখিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নেবে।

মাহাবুবউদ্দিন চৌধুরী, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত