শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এক্সিম ও আইএফআইসি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মোবাইল ব্যাংক সংক্রান্ত জানুয়ারি মাসের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
মোবাইল ব্যাংকিংয়ে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭২ লাখ ৮৮ হাজার। যা আগের মাসে (ডিসেম্বর) ছিল ৬ কোটি ৭৫ লাখ ১৯ হাজার। এক্সিম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে সব অ্যাকাউন্ট বন্ধ থাকায় ২ লাখ ৩১ হাজার গ্রাহক সংখ্যা কমেছে।
জানা গেছে, সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে ২০১০ সালে শুরু হয় মোবাইল ব্যাংকিংয়ের পথচলা। সমাপ্ত বছরের শেষ পর্যন্ত (ডিসেম্বর) দেশের ২৯টি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন থাকলেও কার্যক্রম পরিচালনা করে আসছিল ১৮টি ব্যাংক। কিন্তু শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এক্সিম ও আইএফআইসি ব্যাংককে তাদের মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম বন্ধ করতে বলে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ১৬টি ব্যাংক তাদের এ সংক্রান্ত কার্যক্রম চালু রেখেছে।
ব্যাংক দুটির মোবাইল ব্যাংকের কার্যক্রম বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, যে উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার অনুমোদন বাংলাদেশ ব্যাংক দিয়েছিল, তা কয়েকটি ব্যাংক পূরণ করত। মূলত অন্য ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি এক্সিম ও আইএফআইসি ব্যাংক। তাই পারফর্ম করতে না পারায় এ দুই ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাংক দুটিও কোনো আপত্তি করেনি।
