শপথে মোকাব্বিরের না, মনসুরের হ্যাঁ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:৪২ এএম

শেষ মুহূর্তে এসে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নিচ্ছেন না সরকারবিরোধী প্রধান জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য এম মোকাব্বির খান। তবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আজ ১১টায় শপথ নেবেন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

মোকাব্বির খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। এখন আমাদের দল গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশে আমি শপথ নেওয়া থেকে বিরত থাকছি।’

একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান। এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘আমি শপথ নিচ্ছি। ৭ মার্চ (আজ) বেলা ১১টায় শপথ নেব।’ আর মোকাব্বির খানের বিষয়ে তিনি বলেন, ‘এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমার মন্তব্য করা উচিত হবে না।’

এর আগে গতকাল গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলের প্রেসিডিয়াম মেম্বারদের নিয়ে বৈঠক করে শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। এ সময়ে এম মোকাব্বির খান থাকলেও সুলতান মোহাম্মদ মনসুর ছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত