তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বিশ্রাম চেয়েছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে তাদের তাই দেখা যাবে না। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডের অন্য সদস্যরাও প্রথম কিছু রাউন্ডে থাকছেন না। তবে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগে যারা লিগে খেলবেন তাদের দারুণ প্রস্তুতি হবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের আসর। তিন ভেন্যুতে মোট তিনটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম দিন। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় দলটির প্রতিপক্ষ বিকেএসপি।
বিসিবির অন্যতম পরিচালক সুজন থাকছেন আবাহনীর কোচ হিসেবে। বৃহস্পতিবার যিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নানা বিষয়ে। প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে সুজন বললেন, বোলার এবং ব্যাটসম্যানদের জন্য এই আসর হবে দারুণ প্রস্তুতির ক্ষেত্র।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘প্রিমিয়ার লিগের ম্যাচ গুলো খুব ভালো উইকেটে খেলা হয়। ব্যাটিং ফ্রেন্ডলি হয়। ইংল্যান্ডেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। একটু বাউন্স বেশি থাকতে পারে হয়তো। তারপরও আমাদের মিরপুরের উইকেট এখন খারাপ না। ফতুল্লায় অনেক দিন যাওয়া হয় না। তবে আমি লাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ দেখতে গেলাম, খারাপ লাগে নি। বিকেএসপিতে সব সময় খুব ভালো ব্যাটিং উইকেট থাকে।’’
‘‘আসলে ম্যাচ খেলা একটা প্র্যাকটিস। ৫০ ওভারের ম্যাচের অভ্যাসটা গড়ে তোলা। বোলারদের জন্য সেটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে, তাদের যেই উন্নতি গুলো দরকার, সেগুলো এখানে করতে পারে। ব্যাটসম্যানরা যদি লম্বা ইনিংস খেলে, রান করে, আত্মবিশ্বাস বাড়বে। বিশ্বকাপের জন্য দারুণ হবে।’’
