আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে শুক্রবার ভোরে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র নারীদের অংশগ্রহণে ‘ঢাকা উইমেন্স ম্যারাথন’। এ নিয়ে টানা চতুর্থবার হতে যাচ্ছে এই আসর।
এভারেস্ট একাডেমি ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি-বিদেশি মিলিয়ে এবারকার আয়োজনে অংশ নেবেন প্রায় ৫ শতাধিক নারী। এরই মধ্যে নাম নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অ্যাথলেট, খেলোয়াড়, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬ শতাধিক নারী।
দেশীয়দের পাশাপাশি বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের নারীরাও অংশ নেবেন চতুর্থ ঢাকা উইমেন্স ম্যারাথনে।
সকাল সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হবে ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন। পুরো হাতিরঝিল প্রদক্ষিণ শেষে আবার এফডিসি মোড় হয়ে যা গুলশান ১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হবে।
এক ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে পুরো ১০ কিলোমিটার দৌড় শেষ করা দৌড়বিদরা পাবেন মেডেল ও সার্টিফিকেট।
আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে প্রাণ ম্যাঙ্গো, টপার কুকওয়্যার ও দুরন্ত বাইসাইকেল।
