ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন সবাই। ভোট চাইছেন ক্যাম্পাস ও হলসহ সর্বত্র। বিতরণ করছেন নির্বাচনী প্রচারপত্র। প্রত্যেক হল, একাডেমিক ভবনের সামনে ব্যানার শোভা পাচ্ছে।
তবে এর মধ্যে ব্যতিক্রম ছাত্রলীগ। তারা ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি পালন করছে।
গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা যায়।
নির্বাচনী প্রচারপত্র যত্রতত্র ফেলায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা নোংরা হচ্ছে। কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, কার্জন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নোংরা বেশি হচ্ছে।
এসব জায়গা পরিষ্কার করতে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ছাত্রলীগের বিভিন্ন নেতাদের ক্যাম্পাস পরিষ্কার করতে দেখা যায়।
এ সময় ছাত্রলীগ প্যানেলের ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী গোলাম রাব্বানী, এজিএস (সহ-সাধারণ সম্পাদক) সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের অনেক নেতা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোলাম রাব্বানী বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই ক্যাম্পাস আমাদের তাই পরিষ্কার করার দায়িত্বও আমাদের। কোরবানির পরে সুইপার যেভাবে রাস্তা পরিষ্কার করে, আমরা সেভাবে ক্যাম্পাস পরিষ্কার রাখতে চাই'।
'১২ তারিখের পরে আমরা ছাত্রলীগের উদ্যোগে পুরো ক্যাম্পাস পরিষ্কার দেখতে চাই। আজকে ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির চারপাশ পরিষ্কার করা হলো। যাতে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে'।
এদিকে ক্যাম্পাসের আইইআর,কলা ভবন, কার্জন হল এলাকায় ছাত্রদল প্রচারণা চালিয়েছে। জানতে চাইলে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আমরা ভোটারদের কাছে ভোট চাচ্ছি। তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা ভালো ফলাফলের আশা করি।
একইভাবে ক্যাম্পাসে প্রচার চালিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্রজোট, ও স্বতন্ত্র প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থী আসিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বিভিন্ন হলে ছাত্রদের সঙ্গে কথা বলেছি। অনেকে সমর্থন দিচ্ছে। নিরপেক্ষ ভোট হলে জয়ের ব্যাপারে আশবাদী।
