ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে বলা হয় এই দেশের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট। ঢাকা লিগ নামেই সবার কাছে পরিচিত। ২০১৩-১৪ সালে এই ওয়ানডে সংস্করণ ‘লিস্ট-এ’ সম্মান পাওয়ার পর দুবার শিরোপা জিতেছে আবাহনী। তারা সবার চেয়ে সফল। বর্তমান চ্যাম্পিয়নও। অথচ আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন লিগ শুরুর ঠিক আগের দিনও তার ব্রহ্মাস্ত্র মাশরাফী বিন মোর্ত্তজাকে খুঁজছেন। কোথায় এমপি সাহেব?
রাউন্ড রবিন লিগের এই আসরে ১২ দল। নিচের সারির দুই দলের অবনমন ঘটে প্রতিবার। এবার উঠে এসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও উত্তরা স্পোর্টিং ক্লাব। যে তিন রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে তাতে আজ প্রথম দিনে চ্যাম্পিয়ন আবাহনী মিরপুরে লড়বে বিকেএসপির সঙ্গে। ফতুল্লায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং। আর বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। তবে সবার আগে অবশ্যই আলোচনায় আবাহনী। মাশরাফীর উপস্থিতিতেই গেলবার নাসির হোসেন নেতৃত্ব দিয়েছিলেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি আসরে মোসাদ্দেক হোসেন ক্যাপ্টেন ছিলেন। ‘মাশরাফী যতদিন না আসে মোসাদ্দেকই আমাদের ভরসা। তবে মাশরাফী আসলে মাশরাফীকেই অনুরোধ করা হবে অধিনায়ক হওয়ার জন্য।’
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফেরার আগে-পরে মাঠে ও মাঠের বাইরে খুব ব্যস্ত সময় কেটেছে মাশরাফীর। কিন্তু তাকে কত দরকার আবাহনীর তা গতকাল আরও স্পষ্ট করেই বললেন সুজন, ‘মাশরাফীর কথা ছিল ১০ তারিখের পর থেকে সব ম্যাচ খেলার। ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচ থেকেই মাশরাফীকে পাব। দুর্ভাগ্যবশত ও দেশের বাইরে। আমি জানিও না কবে গেছে, আমার সঙ্গে ওভাবে যোগাযোগ হয়নি। ও আসার পর হয়তো জানা যাবে কবে খেলবে। হয়তো তিন ম্যাচ মিস করবে।’
