সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ প্রকাশের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন সম্পর্কে সংগঠনটির এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এতে বক্তব্য দেন।
শাহরিয়ার কবির আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন সামনে রেখে বেশ কিছু প্রস্তাব রেখে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রস্তাবের মধ্যে রয়েছে, সরকারিভাবে বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ প্রকাশ এবং ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে বিশ্বের উল্লখযোগ্য সংখ্যক দেশের কাছ থেকে বাংলাদেশের গণহত্যার বিষয়ে স্বীকৃতি অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সভায় বক্তারা বলেন, এটা অত্যন্ত দুঃখের যে মুক্তিযুদ্ধের ৪৮ বছর পার হলেও এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। এমনকি প্রকৃত মুক্তিযোদ্ধা তার সনদ না পেয়ে অপমানিত হয়ে আত্মহত্যা পর্যন্ত করেছেন বলে গণমাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হয়েছে। তাই দ্রুত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ করা হোক।
