মন্ত্রণালয়ের দাবি

ইলিয়াস কাঞ্চন অসত্য বলছেন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৩:২৭ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি ধরা পড়েছিল বলে দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে বলা হয়, ‘ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদমাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন।’

গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টায় ‘ব্যবহৃত পিস্তলটি’ স্ক্যানারে ধরা না পড়া নিয়ে সমালোচনার মুখে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল কর্র্তৃপক্ষ। তবে গত ৫ মার্চ ইলিয়াস কাঞ্চনের ঘটনায় ফের সমালোচনার মুখে পড়ে কর্র্তৃপক্ষ। ইলিয়াস কাঞ্চনের দাবি, নভোএয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার সময় তার পিস্তল ও গুলি শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা পড়েনি। তিনি বলেছিলেন, ‘প্রথম স্ক্যানার পার হওয়ার পর মনে পড়ায় আমিই তাদের কাছে গিয়েছি। কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যান্টি হাইজাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় তা মেশিনে শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত