আপস করলেন যৌন হেনস্তার শিকার হওয়া অভিনেত্রী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৫:৫৯ পিএম

ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী টিনা দত্ত মিডিয়ার কাছে কয়েক দিন আগে জানান, সহ-অভিনেতা মোহিত মালহোত্রার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছেন।

এ নিয়ে বেশ কথা চালাচালির পর আপস করছেন বলে জানালেন অভিনেত্রী। আর কোনো সমস্যা নেই এখন।

টিনা বলেন, “মোহিত ও আমার মধ্যে সমস্ত সমস্যা মিটে গেছে। আমরা নতুনভাবে শুরুর সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই। আমাদের পর্দা রসায়ন নাটকের জন্য এবং আমরা সেই পেশাগত সম্পর্ক বজায় রাখব কাজের জন্য।”

রোববার টিনা অভিযোগ করেন, টিভি সিরিয়ালে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় মোহিত খারাপভাবে তাকে স্পর্শ করেছিলেন।

টিনার ভাষ্য, “আমরা যখন টিভি অনুষ্ঠানের শুটিং করি, অনেক সমস্যা থাকে। ছোট, বড়, খারাপ- অনেক সমস্যা। আমি আমার সমস্যা প্রোডাকশন টিমকে জানিয়েছি। মোহিত সংক্রান্ত সমস্যা। প্রোডাকশন টিম খুবই সাপোর্ট করেছে।”

তবে টিনার অভিযোগ অস্বীকার করেছেন মোহিত। তিনি বলেন, “যদি অন্তরঙ্গ দৃশ্যে টিনার অস্বস্তি হয়েও থাকে, প্রথমে আমাকে কেন বলল না? আমরা যে সেটে শুট করছিলাম, ৫০ জন দেখছিলেন। সবকিছুই ক্যামেরায় ধরা আছে। এখানে লুকানোর কিছু নেই।”

শোনা যাচ্ছে, মিডিয়ার কাছে মুখ খোলার বিষয়টি ভালোভাবে নেননি সিরিয়ালের প্রযোজক একতা কাপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত