‘অভিনেত্রী মানেই এক জীবনে বহু জীবন যাপন’

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১০:২৯ পিএম

৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে সারা দিনই সরব ছিলেন নারীরা। আর দশজন নারীর মতো তারকারাও নারী দিবস নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। ফেসবুকে প্রকাশিত নারী অভিনেত্রীদের কিছু বক্তব্য দেশ রূপান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘রানু, পদ্মা, সরোজিনী, মৃন্ময়ী দেবী, মিস সেন, বৃষ্টি: প্রতিটি চরিত্র একেকটি প্রতীক; নারীর ক্ষমতায়নের, নারী জাগরণের। অভিনেত্রী মানেই তো এক জীবনে বহু জীবনযাপন। আর একজন অভিনেত্রী হিসেবে আমি সমৃদ্ধ, সম্মানিত, কৃতজ্ঞ বিগত এক বছর এ শক্তিশালী নারী চরিত্রগুলোর মাঝে বিরাজ করতে পেরে। নারী দিবস হোক প্রতিদিন, নারী শক্তির জয় হোক সর্বজনীন। সকল নারীদের শুভেচ্ছা।’

অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘চেয়েছিলাম শক্তি, তাই সৃষ্টি আমাকে দিয়েছেন বাধা, যাতে করে সকল বাধা অতিক্রম করে আমি আরও শক্তিশালী হয়ে উঠি। জ্ঞানী হতে চেয়েছি, তাই সৃষ্টিকর্তা আমাকে কিছু সমস্যা দিয়েছেন সমাধান করতে। চেয়েছি সফল হতে, তাই সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন শারীরিক ক্ষমতা ও বুদ্ধিমত্তা। সবশেষে যা চেয়েছি, তার কিছুই আমি গ্রহণ করিনি। শুধু ততটুকুই গ্রহণ করেছি, যতটুকু আমার প্রয়োজন ছিল। বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।’

মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি বলেন, ‘এই নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারি/বেসরকারিভাবে নানান কার্যক্রম করে থাকলেও রাষ্ট্র বা রাষ্ট্রের কিছু আইনব্যবস্থাই নারীদের পিছিয়ে রাখছে মান্ধাতা আমলের আইন প্রয়োগ এখন অবধি বহাল রেখে। নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন তো শুরু হতে হবে নিজের ঘর ও পরিবার থেকে। সমতা-সমঅধিকারের কথা যদি বলি বা কাজের ক্ষেত্রে নারীর অধিকার/ন্যায্য মূল্যায়ন যদি চাই, তাহলে বলব রাষ্ট্রের আইনই নারীদের বঞ্চিত করছে? আজও গ্রামের নারীরা পৈতৃক ভিটার অংশীদার পায় না। অনেক ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির ওপর নারীদের কোনো অধিকারও দেওয়া হয় না। পুরুষতান্ত্রিক সমাজ তা লুফে নেয়। বাংলাদেশের প্রচলিত আইনে পরিবারে একজন নারী (বোন) তার পৈতৃক সম্পদের অংশ পায় একজন পুরুষের (ভাই) অর্ধেক। পরিবারে কেন এত বৈষম্য? কেন রাষ্ট্রের আইনেরও এত বৈষম্য? নারীকে অন্যের ওপরে নির্ভর করে বেঁচে ওঠার মনোভাবের বীজ বপন করে দিই সেই শিশুকাল থেকেই। নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।’

এদিনে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘এদিনে শুধু বলতে চাই, একটু মন দিয়ে আপনার হৃদয়ের কথাটা শুনুন আর প্রাণ দিয়ে নিজেকে বিশ্বাস করুন। নারী দিবসের শুভেচ্ছা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত