আর্সেনালের হার চেলসির জয়

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০১:৪৪ এএম

সব টুর্নামেন্ট মিলিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল চেলসি। সর্বশেষ জয় এসেছে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে। ঘরের মাঠে অতিথিদের ৩-০ গোলে উড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথ সহজ করে রাখল অল ব্লুজরা। একই দিনে টুর্নামেন্টে নিজেদের ম্যাচে হেরে গেছে আর্সেনাল। ফ্রান্সের দল রেনের মাঠে অ্যাওয়ে ম্যাচে নেমে ৩-১ গোলে হেরে গেছে গানার্সরা। এই প্রথম ইউরোপিয়ান অঙ্গনে ফরাসি কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হারল ইংলিশ দলটি। দ্বিতীয় লেগে কাকতালীয় কিছু করতে ব্যর্থ হলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে আর্সেনাল।

আর্সেনালের মতো রাতটি বাজে কেটেছে ইন্তার মিলান ও সেভিয়ার। ইন্তার এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে প্রথম লেগে গোলশূন্য এবং সেভিয়া ২-২ গোলে ড্র করেছে সøাভিয়া প্রাগের সঙ্গে। এছাড়া ভিয়ারিয়াল ৩-১ গোলে জেনিতকে, নাপোলি ৩-০ গোলে সালজবুর্গকে ও ভ্যালেন্সিয়া ২-১ গোলে ক্রাসোন্দারকে হারিয়ে পরের রাউন্ডের পথে এগিয়ে আছে।

ঘরের মাঠে অধিকাংশ সময় বল দখলে রেখে চেলসি ১৭ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায়। ৬৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। আর ৯০ মিনিটে ডি-বক্সে সতীর্থের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোই। টানা তিন জয়ে গত মাসের বাজে সময় ভুলিয়ে দেওয়ার পথে হাঁটছে ব্লুজরা। আগামী বৃহস্পতিবার ফিরতি পর্বে কিয়েভের মাঠে খেলবে মরিসিও সারির দল।

ইউরোপার শেষ ৩২ রাউন্ডেও প্রথম লেগ হেরেছিল আর্সেনাল। কিন্তু দ্বিতীয় লেগে নিজেদের মাঠে জিতে শেষ ষোলোতে এসেছে দলটি। এই পর্বেও একই পরিস্থিতির সম্মুখীন গানার্সরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত