সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দেশ রূপান্তরকে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেন, কাদেরের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। তিনি জানান, কাদের আগের দিনের তুলনায় আজ (শুক্রবার) আরও ভালো আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে।
এর আগে গতকাল ডা. সামি সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেলে চিকিৎসার অগ্রগতির বিষয়ে ব্রিফ করেন। এ সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ব্রিফ করবেন।
