আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীকে নতুন পুরস্কার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৩:৩০ এএম

নারীর ক্ষমতায়নে অবদান ও দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানিয়েছে জার্মানির একটি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার বার্লিনে শেখ হাসিনার জন্য ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ ঘোষণা করে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ)। সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পদক গ্রহণ করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। সংশ্লিষ্ট দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় জার্মান দূতাবাসের অফিশিয়াল ফেইসবুক পেজে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশ করে বলা হয়েছে, দুই মহান নেতা তাদের নিজ নিজ দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রধানমন্ত্রীর প্রশংসায় কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার প্রশংসা করেছেন কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মনিকা জুমা। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনিকা জুমা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

গত বুধবার মনিকা জুমার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর আসে। ৬-৮ মার্চ পর্যন্ত সফরে প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন ড. মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্যও কেনিয়ার প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত