ছাগলকে মেয়র বানাল যুক্তরাষ্ট্রের একটি শহর!

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০২:৫৫ পিএম

দিন দিন রাজনীতিটা যেন উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ছাগলকে অনারারি মেয়র হিসেবে নির্বাচিত করে সেই ধারণাটাকেই কী বাস্তব রূপ দিল নিউইয়র্কের সীমান্ত অঞ্চল ভেরমন্টের একটি শহর!

রাজনীতিতে নাম লেখানো ছাগলটির নাম লিংকন, বাস একেবারে সীমান্তঘেঁষা এলাকা ফেয়ার হ্যাভেনে। শহরটির লোক সংখ্যা মাত্র আড়াই হাজার। নুবিয়ান জাতের তিন বছর বয়সী ছাগলটি আগামী এক বছর এই শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবে।

ছাগলসহ ভোটে লড়ে মোট ১৫টি প্রাণী। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে স্যাসি টওলে নামের বিড়াল, স্টেলা হেইবলের নামের কুকুর ও ক্রিস্টাল নামের ইদুর। এগুলোকে হারিয়ে নির্বাচিত হয় লিংকন।

ছাগলটি ৫৩ ভোটের মধ্যে পায় সর্বোচ্চ ১৩ ভোট। ১১ ভোট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়ে ভিগের নামের কুকুর।

মেয়র হিসেবে মেমোরিয়াল ডে প্যারেডসহ শহরের বড় অনুষ্ঠানগুলোতে লিংকন উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

ফেয়ার হেভেনের কোনো মনুষ্য মেয়র নেই। শহরের ম্যানেজার জোসেফ গান্টার জানান, নর্দান মিশিগানের ছোট্ট একটি শহরও নাকি এমন কিছু আয়োজনের চেষ্টা করছে। সেই ধারণা থেকেই একটি খেলার মাঠ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতে এই উদ্যোগ দেওয়া হয় বলে জানান তিনি।

তবে খুব বেশি তহবিল ওঠেনি। নির্বাচনে প্রাণী প্রতি এন্ট্রি ফি ছিল মাত্র ৫ ডলার। মোট তহবিল হয়েছে প্রায় একশো ডলার। তবে আগামীবার তহবিল আরও বাড়বে বলে আশাবাদী গান্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত