এক সিনেমায় সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। চলতি বছরে বলিউডে অন্যতম খবর এটি। সেই সিনেমায় তাদের সঙ্গে আছেন আলিয়া ভাট, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুরের মতো হালের জনপ্রিয় তারকারা।
অভিষেক বর্মণ পরিচালিত সিনেমাটির নাম ‘কলঙ্ক’। মুক্তি পাবে ১৭ এপ্রিল। এর আগে একের পর এক অভিনয়শিল্পীর ফার্স্টলুক প্রকাশ করে সাড়া ফেলেছেন প্রযোজক করণ জোহর।
ছবিতে সঞ্জয়ের চরিত্রের নাম বলরাজ চৌধুরী। ১৯৪০ এর দশকের আবহে তাকে পাওয়া যাবে শক্তিশালী ভূমিকায়। এমনটাই জানাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।
পাশাপাশি প্রকাশ হয়েছে বরুণ, আলিয়া, মাধুরী, সোনাক্ষি ও আদিত্যের ফার্স্টলুক। একেকটি পোস্টার একের ধরনের বার্তা দিচ্ছে। যা বলছে গল্পের অভিমুখে রয়েছে নানাবিদ জটিলতা।
শুরুতেই ‘কলঙ্ক’ মুক্তির কথা ছিল ১৯ এপ্রিল। কিন্তু নানা দিক বিচার করে এখন মুক্তি পাবে ১৭ এপ্রিল। প্রযোজনা সংস্থা জানায়, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইড ও শনি-রোববারের ছুটির সুবিধা নিতে চাচ্ছেন নির্মাতা।
এ ছাড়া ২৬ এপ্রিল মুক্তি পাবে হলিউডের আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। তাই প্রযোজক করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা ও ফক্স স্টার স্টুডিও কোনো প্রতিযোগিতা ছাড়াই টানা ৯ দিন বক্স অফিস শাসন করতে চায়।
১৫ বছর আগে বাবা যশ জোহরের সঙ্গে এই ছবির পরিকল্পনা করেছিলেন করণ জোহর। এখন শুধু সফল হওয়ার অপেক্ষা।
