সিগন্যালে গাড়ি আটকালে গণ্যমান্যরা গালমন্দ করেন: ডিএমপি কমিশনার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৭:০০ পিএম

গণপরিবহনে আইন কেউ মানতে চায় না অভিযোগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সিগন্যালে গাড়ি আটকালে অনেক সময় গণ্যমান্য ব্যক্তি ট্রাফিক পুলিশকে গালমন্দ করেন।

শনিবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুরে অফিসার্স কলোনি অডিটোরিয়ামে ট্রাফিক দক্ষিণ বিভাগ আয়োজিত ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, গণপরিবহন পরিচালনার জন্য আমাদের দেশে আইন আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই আইন আমরা কেউ মানতে চাই না। অনেক সময় সিগন্যালে গাড়ি আটকে দিলে অনেক গণ্যমান্য ব্যক্তি ট্রাফিক পুলিশকে গালমন্দ করেন।

তিনি বলেন, সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন, আইন না মানেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী সড়কের শৃঙ্খলা ফেরাতে পারবে না।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

আছাদুজ্জামান মিয়া বলেন, আইন না মেনে যত্রতত্র গাড়ি পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানো ও চুক্তিভিত্তিক গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। এই দুর্ঘটনা কমাতে বা নিয়ন্ত্রণ করতে আমাদের সবার আইন মেনে গাড়ি চালাতে হবে। নির্দিষ্ট গতিতে চালাতে হবে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি থামানো যাবে না। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ রাখতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমে যাবে।

উক্ত আলোচনায় সভায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত