অভয়নগরে গাছ কাটা নিয়ে বিবাদে সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ আবদুস সালামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের সোনাতলায় এ ঘটনা ঘটে।
সোনাতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিন বলেন, দুপুরে সালামের সঙ্গে প্রতিবেশী আসাদ ও হাবিবের গাছ কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দা ও হাঁসুয়া দিয়ে তাকে কোপাতে শুরু করে। বড় ভাই শেখ হারুন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে তারা। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী হাবিবকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আর পালিয়ে যায় আসাদ। গুরুতর আহত সালাম, হারুন ও হাবিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর আনুমানিক ৩টার দিকে সালামের মৃত্যু হয়।
সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান খান এ কামাল হোসেন বলেন, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড।’
