প্রকল্প পরিদর্শনে গৃহায়নমন্ত্রী

এ বছরেই বাস উপযোগী হবে পূর্বাচল সিটি

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৫৪ এএম

চলতি বছরেই পূর্বাচল স্যাটেলাইট সিটি বসবাসের উপযোগী আবাসন এলাকা হিসেবে পরিচিতি পাবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘২০১৯ সালের মধ্যে বরাদ্দপ্রাপ্তরা সব নাগরিক সুবিধাসহ এখানে বসবাস করতে পারবেন। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।’ গতকাল শনিবার ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

উন্নত রাষ্ট্রের আদলে পূর্বাচল নগরী গড়ে তোলা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোথাও যাতে পানি আটকে না থাকে, বর্জ্য আটকে না থাকে, সব পরিকল্পনা মাথায় নিয়ে পূর্বাচলে কাজ চলছে। পরিবেশসম্মত আধুনিক নগর করার জন্য যা যা দরকার সবকিছুই করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যেনতেন উপায়ে কাজ আটকে রাখা যাবে না। প্রকল্প বিলম্বিত করা যাবে না। প্রকল্পের ব্যয় বাড়ানো হবে না। এটা সরকারি সিদ্ধান্ত। সে লক্ষ্যেই আমি নিজে মাঠে এসেছি।’ মন্ত্রী বলেন, ‘পূর্বাচল এলাকায় বেশ কিছু মামলা ছিল। আগের মালিকদের অসহযোগিতা ছিল। এখন জনপ্রতিনিধিসহ সবাই অনুধাবন করেছেন, উন্নয়নের বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষতিপূরণও তিনগুণ করে দিয়েছেন।’ যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সরাসরি তার কাছে যেতে বলেন মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘বস্তিবাসী, স্বল্প আয়ের মানুষ ও সচ্ছল সবার জন্যই আমরা কাজ করছি। কেউ আবাসহীন থাকবে না। পূর্বাচলে যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে, তারা আধুনিক সব নাগরিক সুবিধাসম্পন্ন স্যাটেলাইট টাউনের অধিবাসী হচ্ছেন। আবার ক্ষতিপূরণও পাচ্ছেন। উন্নয়নের সব সুবিধা তাদের দেওয়া হচ্ছে।’ সরকারের সমালোচকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কিছু লোক আছে যারা চোখ থাকতে অন্ধ। শেখ হাসিনা সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে না। পরিবেশবান্ধব, আধুনিক পূর্বাচল সিটি গড়ে তুলে তাদের সরকারের উন্নয়ন দেখাতে চাই।’

এদিন মন্ত্রী রাজধানীর কুড়িল থেকে বালু নদ পর্যন্ত ১০০ ফুট খাল খনন ও উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান আবদুর রহমান, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীসহ প্রকল্প পরিচালক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত