সাভারে নারীসহ দুজনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৩:৫৫ এএম

ঢাকার সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মৃতদেহসহ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রাজফুলবাড়িয়া ও আমিনবাজার দ্বীপনগর এলাকার তুরাগ নদ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

আমিনবাজার নৌ থানার ওসি হাসনাত জামান বলেন, সকালে দ্বীপনগর এলাকায় অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দিই।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় তার গায়ে হলুদ রঙের সালোয়ার-কামিজ ও কালো বোরকা ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত