সদরঘাটে নৌকাডুবির ঘটনায় ৬ জনের সবার লাশ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০১:১৩ পিএম

রাজধানীর সদরঘাটে লঞ্চের সঙ্গে ধাক্কায় নৌকাডুবির ঘটনায় রোববার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় নিখোঁজ একই পরিবারের ছয়জনের সবার মরদেহ উদ্ধার করা হলো।

রোববার সকাল ১০টার দিকে শাহিদা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এ দুর্ঘটনায় গুরুতর আহত শাহজালালের স্ত্রী।

সদরঘাট নৌ পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, সকাল সোয়া ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আওলাদের ডক এলাকায় বুড়িগঙ্গা নদীতে শাহিদার মরদেহ ভেসে ওঠে। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শনিবার শাহজালালের দুই মেয়ে মীম (৮) ও মাহী (৬) এবং দেলোয়ার (৩৮) ও তার সাত মাস বয়সী ছেলে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দেলোয়ারের স্ত্রী ও শাহজালালের বোন জামসিদার (২০) মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল তার পরিবারের সাত সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

হতাহতরা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের দক্ষিণ তারাবনিয়ার কিরণনগর জাফর আলী মালকান্দি গ্রামে জামশেদার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সদরঘাটে যাচ্ছিলেন। সেখান থেকে তাদের শরীয়তপুরের লঞ্চে ওঠার কথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত